- Home
- Blog
- News
April 28, 2026
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’-এর প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি লোডিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিকেলে প্রকল্প সাইটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
এই ফুয়েল লোডিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করলো। জানা গেছে, পুরো জ্বালানি লোডিং সম্পন্ন করতে প্রায় এক মাস সময় লাগতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনের আগে শেষ ধাপ হিসেবে বিবেচিত।
রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত এই দুই ইউনিট বিশিষ্ট বিদ্যুৎকেন্দ্রটি দেশের জ্বালানি খাতে একটি মাইলফলক।
জ্বালানি লোডিং শেষ হওয়ার তিন মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে।
পারমাণবিক শক্তির পথে এগিয়ে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্তের সূচনা।